বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১০-২০২৬ ০১:০৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৬ ০১:১০:২৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
কংগ্রেসকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার অভিযোগ, বাংলাদেশের মতো ভারতেও ক্ষমতার পালাবদল ঘটাতে চায় কংগ্রেস।
শুক্রবার (১৬ অক্টোবর) উত্তর প্রদেশের লখনউয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রাজনাথ সিং বলেন, ‘ক্ষমতার পরিবর্তন ঘটাতে বাংলাদেশে যে মডেল দেখা গেছে, কংগ্রেসও সেই পথ অনুসরণ করতে চায়।’
তার দাবি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার কিংবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কংগ্রেসের প্রতিবাদ নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে সরকারকে ক্ষমতাচ্যুত করাই দলটির মূল উদ্দেশ্য।
প্রতিরক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালে নির্বাচন কমিশনকে নিজেদের ‘হাতের পুতুলে’ পরিণত করার চেষ্টা করেছিল।
১৯৯৩ সালের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওই বছর নির্বাচন কমিশনে রাতারাতি পরিবর্তন এনেছিল কংগ্রেস। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনার নবীন চাওলাকে অপসারণের সুপারিশ করেছিলেন। কিন্তু কংগ্রেস তাকেই পরে প্রধান নির্বাচন কমিশনারের পদে উন্নীত করে।
রাজনাথ সিংয়ের দাবি, ১৯৯৩ সালের আগে ভোটারদের পরিচয় নিশ্চিত করার জন্য ভোটার কার্ডের ব্যবস্থা ছিল না। ভোটার পরিচয়পত্র চালু হওয়ার পর থেকে কংগ্রেস আর এককভাবে সরকার গঠন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
কংগ্রেসের এসআইআরবিরোধী আন্দোলন এবং সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ নিয়েও প্রশ্ন তোলেন প্রতিরক্ষামন্ত্রী। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি তোলার আড়ালে স্বাধীনভাবে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে কংগ্রেস।
রাহুল গান্ধীকে কটাক্ষ করে রাজনাথ বলেন, ‘রাহুল বাধা সৃষ্টি ও বিশৃঙ্খলার রাজনীতি করছেন।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স