ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়ানোর চেষ্টায় প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৭:৩৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৭:৩৮:১৬ অপরাহ্ন
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়ানোর চেষ্টায় প্রাণ গেল যুবকের ​ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হর্ষিত লাভানিয়ার বিয়ে হয়েছিল ২০২৪ সালে। দাম্পত্য বিরোধের কারণে গত ছয় মাস ধরে তিনি স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন। ভাড়া করা ফ্ল্যাটটিতে একাই বসবাস করতেন তিনি। ঘটনার দিন হর্ষিতের স্ত্রী তার ফ্ল্যাটে গিয়ে দরজায় ধাক্কা দেন। তবে স্ত্রীর সঙ্গে আবারও তর্ক-বিতর্ক হতে পারে, এমন আশঙ্কায় তিনি দরজা খুলতে চাননি।

তার স্ত্রী তাকে বাইরে আসতে বলেন এবং কথা বলার চেষ্টা করেন। কিন্তু হর্ষিত রাজি হননি। পরে দরজা খোলানোর জন্য তার স্ত্রী নিরাপত্তাকর্মীদের ডাকেন। এ সময় হর্ষিত ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচের তলায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

আবাসিক কমপ্লেক্সের কয়েকজন সদস্য তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হর্ষিতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে চলমান বিরোধের কারণে তিনি মানসিক চাপে ছিলেন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ হর্ষিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং আবাসিক কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ