শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বড়পুকুরিয়া কয়লাখনিতে আন্দোলন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০৫:০৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০৫:০৬:২৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে ১৭১ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত শ্রমিকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খনির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে খনির ভেতরে কাজ করে আসছিলেন স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকার ১৭১ জন শ্রমিক। গত ১৬ আগস্ট কোনো ধরনের নোটিশ ছাড়াই তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ শ্রমিকদের। এ ঘটনায় তাঁরা খনি কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও কোনো সমাধান পাননি। পরে চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নামেন তাঁরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে খনির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। সেখানে রাত যাপনের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যান তাঁরা।
আন্দোলন পরিচালনা কমিটির অন্যতম শ্রমিক নেতা ও বড়পুকুরিয়া শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসম্পাদক মো. লিটন বলেন, দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে খনির ভেতরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেছেন শ্রমিকেরা। কিন্তু কোনো নোটিশ ছাড়াই তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহ আলমের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স