বিতর্কিত লাল কার্ডে মাঠ ছাড়লেন হামজা, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ কোচ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০৩:০২:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০৩:০২:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে হামজা দেওয়ান চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের শেষদিকে গোল হজম করে হার নিশ্চিত হওয়ার পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের বিতর্কিত দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
ম্যাচের ৪১ ও ৫৪ মিনিটে গোল করে এগিয়ে যায় পোর্টসমাউথ। এরপর ৫৯ মিনিটে ব্যবধান কমায় শেফিল্ড ইউনাইটেড। ৬৭ মিনিটে আরও একটি গোল করে সমতায় ফেরে হামজার দল। তবে ৮৯ মিনিটে গোল করে আবারও এগিয়ে যায় পোর্টসমাউথ। শেষ পর্যন্ত ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় শেফিল্ডকে।
ম্যাচের বিরতির ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হামজাকে। প্রতিপক্ষের খেলোয়াড় রায়ান কাভুমা-ম্যাককুইন হামজার দুই পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে যাওয়ার পর পড়ে যান। এ ঘটনায় ফাউল দেন রেফারি অলিভার ল্যাংফোর্ড এবং হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
তবে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তাঁর দাবি, শুরুতে রেফারি হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাবেন না বলে ইঙ্গিত দিয়েছিলেন। পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে ওয়াইল্ডার বলেন, “হামজা আর কোথায় যাবে? সত্যি বলতে, আমি বুঝতেই পারছি না, হামজার যাওয়ার জায়গাটা কোথায় ছিল!”
রেফারির সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে নিজের অসন্তোষের কথাও তুলে ধরেন শেফিল্ড কোচ। তিনি বলেন, “ওই মুহূর্তে হামজার কোথায় থাকার কথা ছিল, আমি বুঝতে পারছি না। আমাকে খুব সাবধানে কথা বলতে হচ্ছে। কারণ, অনেক কিছু বলতে চাইলেও হয়তো তা বলতে পারছি না।”
শুধু হামজার লাল কার্ড নয়, ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি না পাওয়ার ঘটনাতেও হতাশ ওয়াইল্ডার। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের পেনাল্টি এলাকায় শেফিল্ডের এক খেলোয়াড়কে জার্সি ধরে টেনে ফেলে দেওয়া হলেও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি।
এ বিষয়ে ওয়াইল্ডার বলেন, “খেলার একেবারে শেষ মুহূর্তে আমাদের এক খেলোয়াড়কে পেনাল্টি এলাকায় টেনে ধরা হয়েছিল। এমনকি তার জার্সিটিও শরীর থেকে প্রায় খুলে আসছিল, যা স্পষ্ট দেখা যাচ্ছিল। এসব ঘটনা আমাকে ভীষণ হতাশ করেছে।”
বিতর্কিত লাল কার্ড, শেষদিকে গোল হজম এবং পেনাল্টির সিদ্ধান্ত—সব মিলিয়ে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচটি শেফিল্ড ইউনাইটেডের জন্য হতাশার হয়ে থাকল।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স