ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​হরমুজে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১১:৪১:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১২:৩৪:১৮ অপরাহ্ন
​হরমুজে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ ​ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক হামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ সাগরে তলিয়ে গেছে। ডুবে যাওয়া জাহাজ দুটির একটি কনটেইনারবাহী এবং অন্যটি বাল্ক ক্যারিয়ার। বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ইরানের প্রধান সমুদ্রবন্দরগুলোতে কঠোর অবরোধ ও নতুন করে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করার পর কৌশলগত এই জলসীমায় উত্তাপ চরমে পৌঁছেছে। এর জবাবে তেহরানও এই অঞ্চলে নৌ-হামলা জোরদার করার ঘোষণা দেয়, যার প্রভাবে বিগত ১০ দিনে আক্রমণের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য ও বৈশ্বিক নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ নামের একটি ২ হাজার ৮২৪ টিইইউ ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে জাহাজটি সাগরে ডুবে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) হামলার শিকার হলেও জাহাজে থাকা ২১ জন ক্রুর সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘কেপ দাও’ নামের একটি বাল্ক ক্যারিয়ারও বুধবার একই প্রণালির কাছে সাগরে তলিয়ে যায়। ওই হামলার দিনই এক নাবিক নিহত হলেও বাকিদের আগেই উদ্ধার করা হয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিওনিস শিপম্যানেজমেন্টের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২৭ ফেব্রুয়ারি মার্কিন-ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে কৌশলগত এই প্রণালিতে এ পর্যন্ত মোট তিনটি বাণিজ্যিক জাহাজ নিমজ্জিত হলো। এর আগে গত মার্চ মাসে ‘সাফিন প্রিস্টিজ’ নামের একটি জাহাজ প্রজেক্টাইল হামলায় ডুবে যায় এবং এপ্রিলে ‘এমএসসি ফ্রান্সেসকা’ নামের একটি জাহাজ আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ