সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১০-২০২৬ ০৬:৫৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৬ ০৬:৫৭:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত সিসাসহ বিভিন্ন বিষাক্ত ভারী ধাতু থাকার খবরকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘এ ধরনের খবর প্রকাশের পর ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেশের বাজারে থাকা সয়াবিন তেলে কোনো ক্ষতিকর ধাতু বা লেড পাওয়া যায়নি।’
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশে বাজারে যে সমস্ত সয়াবিন তেল আছে, সেটি সম্পূর্ণ বিশুদ্ধ। এটির মধ্যে কোনো ভেজাল ধাতু নেই, কোনো লেড নেই। এটি একটি সম্পূর্ণ অপপ্রচার।’
তিনি আরও বলেন, ‘অনেক ধরনের নেতিবাচক খবরের মধ্যে অন্তত একটি ভালো খবর দিচ্ছি-এখন রান্নায় সয়াবিন তেল ব্যবহারের সময় মানুষ জানবেন, এতে অন্তত ক্ষতিকর কিছু নেই।’
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স