এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, দাম নিয়ে শুনানি ২৯ অক্টোবর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১০-২০২৬ ০৪:২১:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৬ ০৪:৪৫:০৮ অপরাহ্ন
ফাইল ছবি
এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশুনানি শেষে নভেম্বর মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তারা গণশুনানির তথ্যও জানান।
এলপি গ্যাস ব্যবসায়ীরা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ও শুক্রবার (১৬ অক্টোবর) দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।
বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।
এলপিজি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান জ্বালানিমন্ত্রী। এসব সমস্যা নিয়ে চলতি মাসেই আবারও বৈঠকে বসার কথা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের দাবিদাওয়া সমাধানের উদ্যোগ নেয়া হলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত সোমবার (১২ অক্টোবর) এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সারাদেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাস সিলিন্ডারের দোকান বন্ধ রাখার কথা ছিল।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স