ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​‘কাজের মেয়ে কারিশমা’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৪:০১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৪:০১:৪৪ অপরাহ্ন
​‘কাজের মেয়ে কারিশমা’ ​ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘কাজের মেয়ে কারিশমা’। বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) দুপুর ২টায় ইউটিউব চ্যানেল ‘সিনেপ্লাস’-এ নাটকটি মুক্তি পাবে।

ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথি। তাঁর বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্তকে। নাটকটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ, সাবরিনা জারিন মিতুসহ অনেকেই।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, “রোমান্টিক-কমেডি ঘরানায় এটিই আমার প্রথম লেখা ও নির্মাণ। এর আগে আমার কাজগুলো সাধারণত জীবনবোধ, সাহিত্য ও কবিতাভিত্তিক ছিল, তবে এবারের কাজটা একেবারেই বিপরীত। কাজটি করতে গিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি এবং শিল্পীরাও অসাধারণ অভিনয় করেছেন। আশা করি, দর্শক নাটকটি খুব উপভোগ করবেন।”

‘কারিশমা’ চরিত্রটি নিয়ে অভিনেত্রী শায়লা সাথি বলেন, “চরিত্রটি একেবারেই ভিন্নমাত্রার। একটি বিশেষ উদ্দেশ্যে খুব আধুনিক এক মেয়ে কাজের মেয়ে সেজে ওই বাসায় আসে। পুরো গল্পটি হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যায়। শুটিংয়ের পুরো সময়জুড়ে আমরা পুরো টিম দারুণ মজা করেছি। আশা করি, দর্শকরা এবার একদম ব্যতিক্রমী ও নির্ভেজাল বিনোদন পাবেন।”

নাটকের অপর প্রধান চরিত্র রূপায়নকারী অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত বলেন, “অনেক দিন পর দারুণ ও ভিন্নধর্মী একটি স্ক্রিপ্টে কাজ করলাম। নির্মাতা আমাদের দারুণ সাপোর্ট দিয়েছেন এবং তাঁর সাথে কাজের অভিজ্ঞতাও খুব সুন্দর। দর্শকের জন্য এটি একটি পরিপূর্ণ ও উপভোগ্য প্রযোজনা হবে।”

উৎসবের আবহকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে ‘কাজের মেয়ে কারিশমা’ নাটকটি দর্শকহৃদয়ে এক চিলতে হাসির খোরাক যোগাবে বলে আশা প্রকাশ করছে পুরো নাট্যদল। সামাজিক প্রেক্ষাপটের ভেতরে লুকিয়ে থাকা চমৎকার এই হাস্যরসাত্মক গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ