বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দলে আছেন যারা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১০-২০২৬ ১২:০৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৬ ১২:০৬:৫৬ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এর জন্য দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত উইন্ডিজ ১৫ সদস্যের দলে নেই পেসার আলজারি জোসেফ ও সাদা বলের অধিনায়ক শাই হোপ।
চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে সরিয়ে নেওয়া হয়েছে দল থেকে। আর তিন সংস্করণে টানা খেলার ধকল সামলাতে হোপকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আলজারির জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার কিমো পলকে।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তার বদলি হিসেবে দলে জায়গা পাওয়া কার্ক ম্যাকেঞ্জি পাকিস্তানের বিপক্ষে কোনও ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়েছেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই আলজারিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। টানা দুই টেস্টের ধকল থেকে তাকে দূরে রেখে চোটের ঝুঁকি কমাতে চায় বোর্ড।
তিন সংস্করণেই টানা খেলার পর হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে তার শারীরিক অবস্থা ও কাজের চাপ সামলাতে চায় বোর্ড।
এই সিরিজের জন্য প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন কেভিন উইকহাম। ঘরোয়া চার দিনের প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।
বার্বাডোজের হয়ে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন উইকহাম। প্রতিযোগিতায় ৭৮ দশমিক ৬০ গড়ে ৩৯৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় হন এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে তার গড় ৪০ দশমিক ৮৮, সেঞ্চুরি ছয়টি।
বাংলাদেশ সফর চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে রয়েছে দলটি। সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ তৈরি হবে বলে মনে করছেন প্রধান কোচ ড্যারেন স্যামি।
স্যামি বলেন, ‘এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমাদের কিছু লক্ষ্য ছিল। তার মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার প্রথম অর্ধে থাকা। এই সিরিজ জিতলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে যেতে পারবো। বাংলাদেশের মাটিতে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
আগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহাম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স