ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​‘এখনও কি ভার্জিন?’— সালমানকে করণ জোহরের খোঁচা!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৫:১৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৫:১৩:৪৩ অপরাহ্ন
​‘এখনও কি ভার্জিন?’— সালমানকে করণ জোহরের খোঁচা! ​ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’ ফিরছে নবম সিজন নিয়ে। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হতে যাচ্ছে শোটির নতুন ও শেষ সিজন। আর এর প্রথম পর্বেই করণ জোহরের বিখ্যাত সোফায় বসতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। প্রকাশিত টিজারে দুই তারকার খুনসুটি, মজার প্রশ্ন আর অকপট কথোপকথন ঘিরে তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ।

প্রায় দুই দশক ধরে তারকাদের ব্যক্তিগত জীবন, সম্পর্কের সমীকরণ ও নানা বিতর্কিত মন্তব্যের সাক্ষী এই অনুষ্ঠান। এবার শেষবারের মতো পর্দায় ফিরছে জনপ্রিয় শোটি। তবে বিদায়ের আগে যে চমকের কমতি থাকছে না, তার ইঙ্গিত মিলেছে প্রথম টিজারেই।

টিজারের শুরুতেই নিজের শেষ সিজনের প্রথম অতিথি হিসেবে সালমান খানকে পরিচয় করিয়ে দেন করণ জোহর। তিনি বলেন, ‘একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, “হয়ে গেছে ভাই।” তাই আমার শেষ সিজন শুরু করার জন্য সেই মানুষটির চেয়ে ভালো আর কে হতে পারেন—সালমান খান।’

এরপরই ফিরে আসে অনুষ্ঠানের পুরোনো এক স্মরণীয় মুহূর্ত। আগের এক পর্বে সালমানকে করা নিজের সেই আলোচিত প্রশ্নটি আবারও সামনে আনেন করণ। প্রশ্নটি ছিল, ‘তুমি কি এখনও ভার্জিন?’

করণের এমন খোঁচার জবাবে নিজের স্বভাবসুলভ রসিকতায় সালমান বলেন, ‘কন্ট্রোল, হ্যাঁ ভাই, কন্ট্রোল।’ দুই তারকার এই কথোপকথন টিজারে নতুন করে উসকে দিয়েছে দর্শকদের কৌতূহল।

তবে শুধু করণই নন, সালমানও সঞ্চালককে পাল্টা প্রশ্ন করতে ছাড়েননি। অনুষ্ঠানটির শেষ সিজন ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি ইঙ্গিত দেন, শেষবারের মতো শো করার ঘোষণা দিয়ে হয়তো তারকাদের অতিথি হতে রাজি করিয়েছেন করণ। তবে মজার ছলে কথা বললেও ‘কফি উইথ করণ’-এর পর্দা নামুক, তা চান না সালমান।

টিজারে উঠে এসেছে সালমানের জীবনের কিছুটা গম্ভীর দিকও। করণ জোহর মন্তব্য করেন, আগের তুলনায় সালমানকে এখন অনেক শান্ত মনে হয়। উত্তরে অভিনেতা বলেন, ‘আমি এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার সেই পরামর্শ নিজেকেই মেনে চলার সময় এসেছে।’

এরপর আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং এবং পাপারাজ্জিদের বাড়াবাড়ি। গত মাসে ‘বিগ বস ২০’-এর মঞ্চে এ নিয়ে সালমানের মন্তব্যের প্রসঙ্গ তোলেন করণ। জবাবে সালমান রসিকতা করে বলেন, ‘কখনও যদি সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়, যিনি ফোনে ক্যামেরা তৈরি করেছেন…।’  তার এই মন্তব্যের মধ্য দিয়ে তারকাদের ব্যক্তিগত পরিসরে ক্যামেরার অনবরত উপস্থিতি নিয়ে অসন্তোষের বিষয়টিও উঠে আসে।

অনুষ্ঠানটির বিদায়ঘণ্টা বাজার আগে এর দীর্ঘ পথচলার স্মৃতিও ভাগ করে নিয়েছেন করণ জোহর। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তিনি জানান, ২০০৪ সালে বাবা ও প্রযোজক যশ জোহরের সঙ্গে এই শোর ধারণা নিয়ে আলোচনা করেছিলেন।

তবে শুরুতে বিষয়টি নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না যশ জোহর। করণের স্মৃতিচারণায় উঠে আসে বাবার সেই প্রশ্ন—‘করণ, তুমি তোমার বন্ধুদের ডাকবে আর তাদের সঙ্গে গল্প করবে। প্রতিদিনই তো এটা করো। এর জন্য তোমাকে কে টাকা দেবে?’

২০০৪ সালের জুনে প্রয়াত হন যশ জোহর। এরপর ওই বছরের আগস্টে ‘কফি উইথ করণ’-এর প্রথম পর্বের শুটিং করেন করণ। সময়ের সঙ্গে অনুষ্ঠানটি বলিউডের তারকাসংস্কৃতির অন্যতম পরিচিত অংশ হয়ে ওঠে।

দীর্ঘ এই যাত্রায় অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, প্রেমিক যুগল এমনকি বিচ্ছেদের পরও আলোচনায় থাকা সাবেক জুটিদের দেখা গেছে শোটিতে। অনেক সময় অনুষ্ঠানের কথোপকথন থেকেই তৈরি হয়েছে নতুন বিতর্ক, যা ছড়িয়ে পড়েছে বিনোদনজগতের বাইরেও।

বিভিন্ন প্রতিবেদনে শাহরুখ খান, আমির খান, কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের সম্ভাব্য উপস্থিতি নিয়ে জল্পনা চলছে। পাশাপাশি ডিজিটাল বিনোদনজগতের নতুন প্রজন্মের তারকা এবং দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতাদেরও শেষ সিজনে দেখা যাবে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

প্রায় দুই দশকের স্মৃতি, তারকাদের অকপট স্বীকারোক্তি আর একের পর এক বিতর্কের পর এবার সত্যিই কি শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’-এর যাত্রা? উত্তর মিলবে নতুন সিজনের পর্বগুলোতে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ