ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​হরমুজ প্রণালিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৪:০৪:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৪:০৪:১০ অপরাহ্ন
​হরমুজ প্রণালিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান ​ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে আঞ্চলিক-বহির্ভূত শক্তির সামরিক উপস্থিতি, আধিপত্য বিস্তার কিংবা হস্তক্ষেপের অধিকার নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, হরমুজ প্রণালি ইরানের কৌশলগত ‘লাল রেখা’। এই অঞ্চলে কোনো ধরনের হুমকি এলে তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে আইআরজিসি।

আইআরজিসি নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন আহমাদ ওয়াহিদি। ১৬ মেহর প্রকাশিত বার্তার একটি অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবার ছড়িয়ে পড়ে। পার্সটুডে, আইআরআইবি সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে।

বার্তায় আইআরজিসি প্রধান বলেন, কোনো আঞ্চলিক-বহির্ভূত শক্তির হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে হুমকি দেওয়া, আধিপত্যবাদী উপস্থিতি বজায় রাখা কিংবা হস্তক্ষেপ করার অধিকার নেই।

তিনি হরমুজ প্রণালিকে বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ প্রাণশিরা হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা মানে ইরানের জাতীয় স্বার্থ, জনগণের নিরাপত্তা ও দেশের মর্যাদা রক্ষা করা।

বার্তায় আইআরজিসির নৌ সক্ষমতার কথাও তুলে ধরেন ওয়াহিদি। তিনি বলেন, ইরানের নিয়মিত নৌবাহিনীর সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে আইআরজিসির নৌবাহিনী বিভিন্ন ধরনের নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, আক্রমণাত্মক ড্রোন, দ্রুতগামী নৌযান, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং উপকূলীয় প্রতিরক্ষা নেটওয়ার্ক নিয়ে প্রস্তুত রয়েছে।

বার্তায় আরও বলা হয়, ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমায় অননুমোদিতভাবে নৌযান চলাচলের চেষ্টা করলে সংশ্লিষ্ট পক্ষকে কঠোর জবাব দেওয়া হবে। এ ধরনের পদক্ষেপকে শত্রুপক্ষের ভুল হিসাব হিসেবে বর্ণনা করে আইআরজিসি প্রধান বলেন, যেকোনো হুমকি মোকাবিলায় বাহিনীটি প্রস্তুত।

আহমাদ ওয়াহিদি তাঁর বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে গড়ে ওঠা শিবিরের পক্ষ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার কথাও বলেন।

তিনি জানান, আইআরজিসি সতর্কতা, নেতৃত্বের ঐক্য এবং সর্বাত্মক প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে।

বার্তার শেষাংশে ইরানের নৌসেনাদের উদ্দেশে আহ্বান জানিয়ে ওয়াহিদি বলেন, আল্লাহর ওপর ভরসা, দেশের অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভরতা, জনগণের সমর্থন এবং আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাস নিয়ে দেশের প্রতিরক্ষায় প্রস্তুত থাকতে হবে।

তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মুজতাবা হোসাইনি খামেনেয়ির নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, ইরান ও কৌশলগত হরমুজ প্রণালি রক্ষায় যেকোনো সময় এবং যেকোনো রণাঙ্গনে প্রস্তুত থাকতে হবে।

আইআরজিসি প্রধানের এই বার্তায় হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব, ইরানের সামরিক প্রস্তুতি এবং পারস্য উপসাগরে বিদেশি শক্তির উপস্থিতি নিয়ে তেহরানের কঠোর অবস্থান আবারও সামনে এসেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ