‘জয়বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে স্লোগান দিলেন আইভী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৬ ০২:৫৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৬ ০২:৫৭:৫৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
একটি হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বলেন, ‘জয়বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে হাজিরা শেষে গাড়িতে ওঠার সময় এ কথা বলেন আইভী।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের সামনে গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। আইভী এ মামলার ১১ নম্বর আসামি।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবু, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং সাবেক মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। শুনানির সময় তার আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টনীর মধ্যে ছিলেন আইভী। এ সময় তিনি স্লোগান ধরেন, ‘জয়বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ এ স্লোগান দিতে দিতেই তিনি গাড়িতে ওঠেন। তখন নেতাকর্মীরাও পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক আইনে প্রতিবেদন দাখিল করলেও পিপি বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে নারাজি দিয়েছেন। আমরা বলেছি, এটি আইনসম্মত হয়নি। আমরা আদালতে পুনরায় জামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স