ভ্রমণ নিষেধাজ্ঞা
পর্যটক শূন্য সাজেক : সংকটে স্থানীয় অর্থনীতি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৬ ০২:২৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৬ ০২:২৭:১৯ অপরাহ্ন
ফাইল ছবি
দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এদিকে, প্রশাসনের নির্দেশে নির্দিষ্ট সময়ের আগেই সাজেক ত্যাগ করেছেন সব পর্যটক। ফলে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকেই থমথমে ও পর্যটক শূন্য হয়ে পড়েছে পুরো সাজেক পর্যটন এলাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে সাজেকে অবস্থানরত সব পর্যটককে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
আকস্মিকভাবে পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণায় সাজেকে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে চরম উদ্বেগ ও ভোগান্তি দেখা দেয়। নির্দেশনার পর কোনো ঝুঁকি না নিয়ে অনেক পর্যটক একদিন আগেই অর্থাৎ সোমবার (১২ অক্টোবর) বিকেলে সাজেক ছেড়ে যান। বাকি পর্যটকরা মঙ্গলবার সকালের মধ্যে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইমন জানান, দোকানদার, কিছু শ্রমিক ও রিসোর্টের কর্মচারী ছাড়া সাজেকে এখন আর কেউ নেই। গতকালই বেশিরভাগ পর্যটক চলে গেছেন, আজ সকালেও বাকিরা চলে গেছেন। সামনে পূজার ছুটিতে যেখানে পর্যটকদের ঢল নামার কথা, সেখানে এখন পুরো সাজেকজুড়ে শুনসান নীরবতা।
দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি ঘিরে সাজেকে পর্যটকদের ব্যাপক সমাগমের প্রস্তুতি চলছিল। তবে নিরাপত্তার অজুহাতে হঠাৎ সাজেক বন্ধ ঘোষণায় গভীর উদ্বেগে পড়েছেন হোটেল, কটেজ, রিসোর্ট ও পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। বিশেষ করে পূজার ছুটিকে কেন্দ্র করে যারা আগাম বুকিং দিয়েছিলেন, তাদের ভ্রমণ পরিকল্পনা এক প্রকার অনিশ্চয়তার মুখে পড়েছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকেলের আগেই পর্যটকরা সাজেক ছেড়ে গেছেন। অনির্দিষ্টকালের এই নিষেধাজ্ঞার কারণে সাজেকের পুরো ব্যবসা-বাণিজ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
তিনি আরও জানান, সাজেকে মোট ১৩৫টি রিসোর্ট রয়েছে, যেগুলোতে আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত শতভাগ আগাম বুকিং ছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং পর্যটন খাতকে বাঁচাতে দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানায়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স