নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৬ ১১:০৩:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৬ ১১:০৩:৫০ পূর্বাহ্ন
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে মাকসুদা বেগম (৭২) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১২ অক্টোবর) রাতে সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দামের কাছে একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। সেই লোহা বিক্রির পাওনা বাবদ প্রায় ১০ লাখ টাকা বকেয়া ছিল। সোমবার রাতে জজ মিয়া তার মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে বকেয়া টাকা চাইতে যান।
এ সময় টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক সময় ধারালো অস্ত্রের কোপে মাকসুদা বেগম ও তার ছেলে রাসেল গুরুতর জখম হন। অপরদিকে সাদ্দামও জখম হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন জানান, ব্যবসায়িক পাওনা টাকাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান শুরু করেছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স