ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরদৌসী আহমেদ ​মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৫:৪৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৬:৩১:৫৪ অপরাহ্ন
ফেরদৌসী আহমেদ ​মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর ​ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সময়সূচি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ৬ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর সকাল ১০টা থেকে। সবশেষে আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপরই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং শূন্য পদ পূরণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করে। তারই ধারাবাহিকতায় আজ আসনটিতে উপনির্বাচনের তফসিল জারি করল ইসি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ