ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​মেহেন্দিগঞ্জে ফের উপস্বাস্থ্য কেন্দ্রের ট্রান্সফরমার চুরি, ব্যাহত চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৪:৫৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৪:৫৪:৫০ অপরাহ্ন
​মেহেন্দিগঞ্জে ফের উপস্বাস্থ্য কেন্দ্রের ট্রান্সফরমার চুরি, ব্যাহত চিকিৎসাসেবা ​ছবি: সংগৃহীত
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের লতা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আবারও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধারের অনুরোধ জানিয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরানুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিট থেকে সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা লতা উপস্বাস্থ্য কেন্দ্রের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এর আগে গত ২৭ সেপ্টেম্বরও ওই স্বাস্থ্যকেন্দ্রের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বারবার ট্রান্সফরমার চুরির কারণে স্বাস্থ্যকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে চিঠিতে জানানো হয়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা এবং এ ধরনের চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ