ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৪:১৩:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:১৩:৫৫ অপরাহ্ন
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ফাইল ছবি
এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন দুজন আমেরিকান। তারা হলেন অধ্যাপক রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড। ‘সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায়’ অবদানের স্বীকৃতি হিসেবে যৌথভাবে তারা ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। 

সোমবার (১২ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই দুই মার্কিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করে। আলফ্রেড নোবেলের স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (সভারিয়েস রিক্সব্যাংক) অর্থনীতিবিজ্ঞানে এই পুরস্কার দিল।

রবার্ট ই হল ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো আল্টো শহরে জন্মগ্রহণ করেন। নোবেল পুরস্কার ঘোষণার সময় তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, হল অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক (অবসরপ্রাপ্ত সম্মানীয় অধ্যাপক)। তিনি বিশ্ববিদ্যালয়টির হুভার ইনস্টিটিউশনের একজন জ্যেষ্ঠ গবেষকও।

অপর নোবেলজয়ী মাইকেল উডফোর্ড ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের চিকোপি শহরে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক।

পুরস্কার ঘোষণায় বলা হয়, রবার্ট হল ও মাইকেল উডফোর্ড দেখিয়েছেন, অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতিকে নতুনভাবে কার্যকর করে তুলতে কীভাবে অর্থনৈতিক মডেল পুনর্গঠন করা যায়।

তারা মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর মধ্যকার পরিসংখ্যানগত সম্পর্কের ওপর নির্ভর না করে অর্থনৈতিক মডেলের ভিত্তি হিসেবে ক্ষুদ্র অর্থনৈতিক বিশ্লেষণকে বেছে নেন।

এই বিশ্লেষণের মূল বিষয় হলো, ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড সম্মিলিতভাবে কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা বোঝা। তাদের গবেষণা দেখিয়েছে, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতি প্রণয়নে শুধু মূল্যস্ফীতি, উৎপাদন কিংবা ভোগের সামগ্রিক পরিসংখ্যান বিবেচনা করাই যথেষ্ট নয়। এসব সূচকের পেছনে ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে কাজ করে, সেটিও বোঝা জরুরি।

এর আগে ২০২৫ সালে যৌথভাবে অর্থনীতিতে নোবেল জেতেন তিনজন অর্থনীতিবিদ। তারা হলেন- জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ