মিশরীয় বিমান হামলায় সুদানে স্বর্ণের খনিতে নিহত ৭২
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-১০-২০২৬ ০৪:০৯:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৬ ০৫:০৯:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সুদান-মিশর সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াদি এলাকার একটি স্বর্ণের খনিতে মিশরীয় বিমান হামলায় অন্তত ৭২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও সুদানি অধিকার সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’-এর বরাতে এ তথ্য জানা গেছে।
সুদানের যুদ্ধ পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্তকারী সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করে জানায়, শনিবার (১০ অক্টোবর) মিশরীয় যুদ্ধবিমানগুলো সুদানি ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে সাধারণ খনি শ্রমিকদের ওপর সরাসরি হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ঘটনাস্থলেই ৭২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
তবে এই হামলার বিষয়ে মিশর সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত জুনেও সম্পদসমৃদ্ধ সীমান্ত এলাকা জাবাল আল-উকাইদাতের একই স্বর্ণখনিতে বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। সে সময় মিশরীয় সামরিক বাহিনী দাবি করেছিল, তারা নিজেদের সীমান্ত সীমায় অবৈধ খনির বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
উল্লেখ্য, সম্পদসমৃদ্ধ হালায়েব ত্রিকোণ অঞ্চলসহ সীমান্ত এলাকা নিয়ে সুদান ও মিসরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। মানবাধিকার সংস্থা ও স্থানীয় খনি শ্রমিকদের প্রকাশ করা চিত্রে ঘটনাস্থলে ধ্বংসস্তূপের মধ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য মরদেহের করুণ দৃশ্য দেখা গেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স