ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ইসরায়েলি শর্তে এয়ার ফ্রান্সে ৩১ দেশের পাইলট নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:৩৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:৩৬:০৯ অপরাহ্ন
​ইসরায়েলি শর্তে এয়ার ফ্রান্সে ৩১ দেশের পাইলট নিষিদ্ধ ​ছবি: সংগৃহীত
ইসরায়েলের বিতর্কিত নতুন নিরাপত্তানীতি মেনে ফরাসি বিমান সংস্থা ‘এয়ার ফ্রান্স’ বাংলাদেশসহ ৩১টি মুসলিমপ্রধান দেশের নাগরিক কিংবা দ্বৈত নাগরিকত্ব থাকা পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বিরত রেখেছে।

ফরাসি অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’-এর সূত্রের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েলগামী বিমানে নির্দিষ্ট কিছু দেশের ক্রুদের ডিউটি না দেওয়ার ইসরায়েলি শর্ত মেনে নিয়েছে এয়ার ফ্রান্স। যেসব দেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই–সেই তালিকার বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিশিয়া, ইরান ও পাকিস্তানের মতো ৩১টি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্ব থাকা ফরাসি কর্মীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

নির্দেশনায় কোনো নির্দিষ্ট ধর্মের নাম উল্লেখ না থাকলেও, জাতীয়তার ভিত্তিতে আরোপিত এই নিষেধাজ্ঞায় কার্যতঃ মুসলিম পাইলট ও কেবিন ক্রুরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংস্থাটি তাদের কর্মীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য দ্রুত নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে এবং অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানিয়েছে। ফরাসি শ্রম আইন অনুযায়ী এই সিদ্ধান্ত বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২-এর বরাতে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর ‘ফ্লাইদুবাই’-এর এক ওমানি কো-পাইলট দুবাই থেকে তেল আবিবগামী একটি বিমান অবতরণের সময় দুর্ঘটনার ফেলার চেষ্টা করেছিলেন–এমন অভিযোগ ওঠার পর ১ অক্টোবর ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় এই নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করে। এ ঘটনার জেরে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা তৈরি হলেও এয়ার ফ্রান্সের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ