সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা দিলো হুথিরা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-১০-২০২৬ ০৬:২৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৬ ০৬:২৯:৫৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করার জন্য যাত্রী ও উড়োজাহাজ সংস্থাগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা তাদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। তবে ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে এ সতর্কবার্তার আওতামুক্ত রাখা হয়েছে।
এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জনসাধারণকে সতর্কবার্তাটি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থা ব্যর্থ হলে এর সম্পূর্ণ দায় সৌদি আরবকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সারি আরও বলেন, তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‘বিমানবন্দরের পরিবর্তে বিমানবন্দর, অবরোধের পরিবর্তে অবরোধ এবং সংঘাতের পরিবর্তে সংঘাত’—এই নীতি অনুসরণ করবে হুথি গোষ্ঠী।
ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি আরবের বিমান হামলা জোরদার হওয়ার পর থেকেই পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে গোষ্ঠীটি। চলতি সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করতে সৌদি আরব বড় পরিসরে বিমান অভিযান শুরু করেছে। এতে হুথিদের প্রায় ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর জবাবে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে হুথিরা। সংঘাতের বিস্তার ঘটায় দেশটির বেসামরিক বিমান চলাচল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: রয়টার্স
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স