ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​দুর্গাপূজা ও নতুন বিয়ের গুঞ্জনে মুখ খুললেন মিমি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:০২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:০২:০৭ অপরাহ্ন
​দুর্গাপূজা ও নতুন বিয়ের গুঞ্জনে মুখ খুললেন মিমি ​ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী মানেই উৎসবের আমেজ আর নতুন চমক। কাজের সূত্রে কলকাতার স্থায়ী বাসিন্দা হলেও জলপাইগুড়ির মেয়ে মিমির মন আজও পড়ে থাকে ফেলে আসা সেই ছোটবেলার স্মৃতিতে। আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।

তবে শুধু বড় পর্দার এই কাজ নিয়েই নয়, বরং তার ব্যক্তিগত জীবন এবং আসন্ন বিয়ের গুঞ্জন নিয়ে চারদিকে এখন শুরু হয়েছে তুমুল আলোচনা। নতুন সিনেমা মুক্তি এবং জীবনের নতুন অধ্যায় নিয়ে সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের মনের কথাগুলো অকপটে শেয়ার করেছেন এই তারকা।

সিনেমার প্রচারপর্ব শেষ হতেই এখন পুরোপুরি পুজোর আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন মিমি। কলকাতার জাঁকজমকপূর্ণ পুজো নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ছবির প্রচারশেষে পুজো নিয়ে মেতে ওঠার পালা। কলকাতার মতো এই আড়ম্বর আর কোথায়? এই যে পাড়ায় পাড়ায় পুরোনো দিনের গান বাজে, আলোয় আলোয় ভরে ওঠে চারিদিক, কত মানুষ উৎসবে মেতে ওঠেন, এতেই মন ভাল হয়ে যায়।

নিজের হাতে নিজের বাড়িতেই পুজোয় অঞ্জলি দেওয়া থেকে শুরু করে পাড়ার সকলের সঙ্গে কাজে হাত লাগানোর স্মৃতিচারণ করেন তিনি। পুজোর দিনগুলোতে চিরাচরিত নিয়ম ভেঙে শাড়ি আর মায়ের পুরোনো দিনের গয়না পরে সেজে ওঠাটাই তার সবথেকে বড় পছন্দের। বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া এবং ঢাকের তালে ধুনুচি নাচে মেতে ওঠার পরিকল্পনা রয়েছে তার।

অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথম কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মিমি জানান, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনের আলাপ। কিন্তু ওর সঙ্গে কাজে অনেক বাধা ছিল। তবে আমি মনে করি, সবকিছুরই একটা সঠিক সময় থাকে, আর তাতেই সঠিক জিনিসটা হয়। এই ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

চরিত্রটির প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে মিমি জানান, পরিচালক তাকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-এর ‘পুপে’ চরিত্রের আদলে সুমিত্রাকে গড়তে বলেছিলেন। পিরিয়ড ছবির কাজের জন্য প্রচুর হোমওয়ার্ক করতে হয় এবং কাজের প্রতি নিখুঁত নিষ্ঠা বজায় রাখতে তিনি শুটিংয়ে পনেরো মিনিট আগেই সেটে পৌঁছে যেতেন। পরিচালক সৃজিতও মিমির কাজের প্রশংসা করে জানিয়েছেন যে তার ভেতরের আগুন এই চরিত্রের সঙ্গে দারুণভাবে মিলে গেছে।

তবে সিনেমার পাশাপাশি এবার পূজায় মিমির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। বাতাসে জোর গুঞ্জন রয়েছে যে চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এই নায়িকা। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা লাজুক হাসি হেসে তিনি বলেন, আমিও শুনছি আমার বিয়ে।

কেমন পাত্র পছন্দ এমন প্রশ্নের জবাবে মিমি মজার ছলে জানান, পাত্রকে অবশ্যই ভালো মানুষ, ভালো বন্ধু এবং ফান লাভিং হতে হবে। পাশাপাশি তার মতো ভ্রমণপিপুসু এবং শিশুদের ভীষণ ভালোবাসে এমন কাউকেই তিনি জীবনসঙ্গী হিসেবে চান।

বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে হাসতে হাসতে তিনি আরও যোগ করেন, বিয়ে খেতে আমার ভালোই লাগে। তবে একটু নিরামিষ খাবার বেশি রাখবেন। আমি তো মাছ-মাংস খাই না, তাই। যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাববো। সবমিলিয়ে পূজার আনন্দ আর বিয়ের গুঞ্জনে এখন দারুণ সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় তারকা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ