ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১০-২০২৬ ০২:৫৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৬ ০২:৫৯:৫১ অপরাহ্ন
রিয়াল মাদ্রিদের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে ফাইল ছবি
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখেন কিলিয়ান এমবাপ্পে। তবে সেই স্বপ্ন পূরণের পথে এবার নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের কাছ থেকেই প্রত্যাশিত সমর্থন না পাওয়ার অভিযোগ উঠেছে ফরাসি তারকার। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ব্যালন ডি’অর দৌড়ে এমবাপ্পের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল রিয়াল মাদ্রিদের, ক্লাবটি তেমন ভূমিকা পালন করেনি বলে মনে করছেন তিনি। বিপরীতে, তরুণ তারকা লামিনে ইয়ামালের পাশে বার্সেলোনার জোরালো অবস্থান এমবাপ্পের হতাশা আরও বাড়িয়েছে। খবর গোল ডটকমের। 

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাতো’ স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’র বরাতে জানিয়েছে, ব্যালন ডি’অর ইস্যুতে রিয়াল মাদ্রিদের ভূমিকা দেখে বিস্মিত হয়েছেন এমবাপ্পে। ব্যক্তিগত এই পুরস্কার জয়ের লড়াইয়ে ক্লাবের কাছ থেকে আরও বেশি সমর্থন আশা করেছিলেন তিনি। প্রত্যাশা অনুযায়ী সেই সমর্থন না পাওয়ায় ক্লাবের প্রতি তার অসন্তোষ আরও বাড়তে পারে। যদিও কোচ হোসে মরিনিওর কাছ থেকে তিনি সমর্থন পাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বড় স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা নিয়েই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ার পাশাপাশি বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের একজন হয়ে ওঠাই তার লক্ষ্য। কিন্তু ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ক্লাবের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার বিষয়টি রিয়ালের ক্রীড়া-পরিকল্পনায় তার অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এমবাপ্পেকে ঘিরে প্রত্যাশা যেমন অনেক বেশি, তেমনি দলের ভেতরে প্রতিযোগিতাও তীব্র। বড় ম্যাচে ধারাবাহিকভাবে পারফর্ম করা এবং নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার চাপও সামলাতে হচ্ছে ফরাসি অধিনায়ককে। সব মিলিয়ে তার ওপর চাপ ক্রমেই বাড়ছে।

তবে এসব প্রতিবেদন থেকে এখনই এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের সম্পর্ক ভেঙে পড়ার সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ, এখনো দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হিসেবেই বিবেচিত হচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড।

সাম্প্রতিক সময়ে এমবাপ্পের সঙ্গে লিভারপুলের সম্ভাব্য দলবদল নিয়ে গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি, তবে মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত তার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এবার নজর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সমালোচকদের জবাব দেওয়ার পাশাপাশি নিজের সামর্থ্য আবারও প্রমাণের সুযোগ পাবেন এমবাপ্পে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ