ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, নজর কাড়লেন সাকিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১০-২০২৬ ১২:০০:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৬ ১২:০০:০৫ অপরাহ্ন
মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, নজর কাড়লেন সাকিব ছবি : সংগৃহীত
বিয়ের বরযাত্রা মানেই গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি। তবে সব চেনা দৃশ্যকে পেছনে ফেলে এবার হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাকিব মিয়া।

ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে সড়কের বিভিন্ন স্থানে ভিড় করে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। 

শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সাকিব উপজেলার তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। কনে হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার।

এলাকায় বিস্ময় সৃষ্টি করে বিয়ের দিনটি স্মরণীয় করে রাখা এবং মায়ের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই হাতির পিঠে বরযাত্রার আয়োজন করেন সাকিব।

 প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘বিয়ের দিন বর তো একদিনের রাজা-বাদশাই হন। সাকিব তাই হাতি ভাড়া করে বিকেলের পর তিলকপাড়া থেকে হিংগারপাড়ার পথে হাতির পিঠে রওনা হন। হাতির গায়ে লেখা ছিল—শুভ বিবাহ।

মানুষের আগ্রহও ছিল দেখার মতো। এই দৃশ্য দেখতে শিশু-কিশোরসহ নানা বয়সী নারী-পুরুষ সড়কের দু’পাশে জড়ো হয়। মোবাইলে ছবি আর ভিডিও তোলে অসংখ্য মানুষ। সঙ্গে সঙ্গে সেগুলো ফেসবুকে আপলোড করা হয়।’
বর সাকিব মিয়া বলেন, ‘বিয়ে তো জীবনে একবারই হয়।

কাজেই পরে যখনই এই দৃশ্য দেখব , তখনই এই দিনের কথা মনে পড়বে। আমার মা ছোটবেলায় খুব বলতেন, তুই হাতি চড়ে বিয়ে করতে যাবি। আমি মায়ের সেই ইচ্ছা পূরণ করতে চেয়েছি। মা আমার জন্য অনেক কিছু করেছেন, তার অনেক ত্যাগে আমি বড় হয়েছি। তার শখ পূরণ করতে পেরে ভালো লাগছে। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’ 

সাকিবের মা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার কাছে ছেলে বিয়েতে হাতির পিঠে বরযাত্রার অনেক গল্প শুনেছে। আমার ইচ্ছা যেমন ছিল , অনেক দিন ধরে ওরও ছিল। দুজনের ইচ্ছা পূরণ হওয়ায় আমি খুব খুশি। ’

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, ‘মায়ের ইচ্ছা পূরণে সাকিবের এই আয়োজন ব্যতিক্রমী। নবদম্পতি দাম্পত্যজীবনে যেন সুখে থাকে।’
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ