ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুনেতে রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষকৃত্য

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:৫১:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:৫১:৪১ অপরাহ্ন
পুনেতে রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষকৃত্য ​ফাইল ছবি
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য মহারাষ্ট্রের পুনের দোঞ্জে এলাকায় তাঁর খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা। তাঁর মরদেহ আজই পুনেতে নেওয়া হবে।

নানা পাটেকরের সামাজিক সংগঠন ‘নাম ফাউন্ডেশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা গণেশ থোরাট জানিয়েছেন, বিকেল ৫টার দিকে অভিনেতার মরদেহ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। পরে দোঞ্জের খামারবাড়ির প্রাঙ্গণেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

মহারাষ্ট্র সরকার নানা পাটেকরকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার জানান, মারাঠি নাট্যাঙ্গন এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে অভিনেতার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোয়ায় বৃহস্পতিবার ভোরে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। চিকিৎসকদের তথ্যমতে, তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

নানা পাটেকরের মৃত্যুতে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকেই তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘নটসম্রাট’, ‘ওয়েলকাম’সহ নানা ধরনের চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।

অভিনয়ের পাশাপাশি সমাজসেবাতেও সক্রিয় ছিলেন নানা পাটেকর। অভিনেতা মকরন্দ আনাসপুরের সঙ্গে ২০১৫ সালে প্রতিষ্ঠা করা ‘নাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে খরাপ্রবণ এলাকার কৃষক ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

অভিনয়ের পাশাপাশি ছিলেন শুটার, আয়ের ৯০ শতাংশই করতেন দান


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ