ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত তিন, আহত ৩৬

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:১৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:১৪:৩২ অপরাহ্ন
​সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত তিন, আহত ৩৬ ​ছবি: সংগৃহীত
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় নারীসহ তিন বেসামরিক বিদেশি নাগরিক নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতি অনুযায়ী, দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং আটজন আহত হন।

এই আট আহতের মধ্যে পাঁচজনই সৌদি আরবের নাগরিক। তবে বিবৃতিতে হতাহতদের নাম-পরিচয় বা ঠিক কোন বিমানবন্দরে কখন হামলা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

বেসামরিক আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এই প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)।

এদিকে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি জোটের চলমান সামরিক অভিযান এবং বিমানবন্দরে এ ধরনের হামলার পর উদ্ভূত সংকটময় পরিস্থিতির কারণে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ