ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৫১:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১২:১২:৫৭ অপরাহ্ন
​বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ ​ছবি: সংগৃহীত
নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। বৈঠকটি শেষ হবে আগামীকাল শুক্রবার। এতে দুই দেশের বাণিজ্যের বিভিন্ন সমস্যা, পাটপণ্যের ওপর থেকে অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্থলবন্দরের নানা জটিলতা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ তার ব্যবসাসংক্রান্ত প্রায় সব দাবি বৈঠকে তুলবে। তবে ভারতীয় পক্ষ কী কী বিষয়ে আলোচনা করবে, তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া এটি আলোচনাভিত্তিক বৈঠক হওয়ায় এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টিও আলোচনায় আসবে। কারণ ভারত থেকে বাংলাদেশ যে পরিমাণ পণ্য আমদানি করে, তার তুলনায় দেশটিতে রপ্তানি অনেক কম। তবে বহুল আলোচিত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) এবার বাংলাদেশের আলোচ্য তালিকায় রাখা হয়নি।

চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানির উৎস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে ভারত থেকে আমদানি করেছে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য।

দেশের ব্যবসায়ীরা মূলত ভারত থেকে কারখানার কাঁচামাল, কাপড় ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ