রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-১০-২০২৬ ০৪:৩৪:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৬ ০৪:৩৪:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। আজ তৃতীয় দিনে রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
যৌথভাবে এ পুরস্কার জিতেছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রসায়নে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের পক্ষ থেকে তাদের ফোন করে এ সম্মাননার কথা জানানো হয়।
নোবেল কমিটি জানায়, অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব এবং অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য তাদের রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণু দুটি রূপে থাকে, যা একে অপরের প্রতিবিম্ব। তবে সব জীবদেহে এসব অণুর শুধু একটি রূপই দেখতে পাওয়া যায়। রাসায়নিক প্রক্রিয়ায় এই ধরনের বিষমতা কীভাবে তৈরি হয়েছিল, তা রসায়নবিদদের কাছে দীর্ঘদিন ধরে একটি রহস্য ছিল।
এই জটিল রহস্য সমাধানের স্বীকৃতিস্বরূপ ফরাসি বিজ্ঞানী কাগান ও জাপানি বিজ্ঞানী সোয়াইকে এ বছর রসায়নে নোবেলের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
এর আগে সোমবার (৫ অক্টোবর) প্রথম দিনে চিকিৎসাক্ষেত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।
যৌথভাবে এ পুরস্কার জিতেছেন তিনজন। নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান এবং জর্জি নাগেলকে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
এরপর মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার জিতেছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।
নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে চূড়ান্ত অবদান রাখা এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎসের উচ্চ-শক্তি সম্পন্ন নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সিস হ্যালজেনকে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কর্মরত।
নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার ধারাবাহিকতায় বুধবার (৭ অক্টোবর) রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বাকি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।
ডিনামাইটের উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে পুরস্কার চালুর উদ্যোগ নেয়।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স