ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে ঝরলো ছয় প্রাণ

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:২৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:১৩:৩২ অপরাহ্ন
হাম ও উপসর্গে ঝরলো ছয় প্রাণ ​ছবি: সংগৃহীত
দেশে আশঙ্কাজনকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে মারাত্মক সংক্রামক ব্যাধি হাম। গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম আক্রান্ত ও হামের লক্ষণ বা সন্দেহজনক উপসর্গে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ২ জন এবং হামের সন্দেহজনক উপসর্গে ৪ জনের প্রাণহানি ঘটেছে। ৬টি মৃত্যুর ঘটনাই ঘটেছে ঢাকা বিভাগে।  

বুধবার (৭ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র  থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুসারে, ৬ অক্টোবর সকাল ৮ টা থেকে ৭ অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার জরিপে এই উপাত্ত নিশ্চিত করা হয়েছে।  

২৪ ঘণ্টার আক্রান্ত ও ভর্তি পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১,২৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ১১০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের জীবাণু শনাক্ত হয়েছে। রোগের প্রকোপ বাড়ায় গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৬০ জন রোগী এবং সুস্থ হয়ে

ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১,১৮৩ জন।  

বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৪৭৪ জন সন্দেহজনক রোগী শনাক্তের পাশাপাশি ৫৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়। এছাড়া চট্টগ্রামে ২৩৭ জন, সিলেটে ১৪৬ জন, বরিশালে ১৩৯ জন, খুলনায় ১২৮ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৪১ জন এবং রাজশাহীতে ৩৩ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।  

বছরের সামগ্রিক চিত্র

চলতি বছরের ১৫ মার্চ ২০২৬ থেকে ০৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশে সর্বমোট ২,০০,২৯৩ জন সন্দেহজনক হাম রোগী রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ২২,০২০ জন।  
বিজ্ঞপ্তির তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১,০৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষা দ্বারা নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। এ সময়কাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৭,৬৭৬ জনে এবং হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৭০,৪৭৩ জন।  

জাতীয় টিকাদান কর্মসূচি ও কাভারেজ

হামের এই সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত 'জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬' পুরোদমে পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্স ডেটা অনুযায়ী, সারা দেশে ২,০৪,৭৩,৮০৩ জন লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ২,০৪,৭১,৮১৮টি টিকা প্রদান সম্পন্ন হয়েছে, যার সার্বিক কাভারেজ ১১৩.৬%।  

একই সাথে দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ১৯,০৫,৯৫০ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ২১,৬০,৬২০ জনকে টিকা প্রদান করা হয়েছে (কাভারেজ ১১৩.৪%)। বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশনে সর্বোচ্চ ১২৪.১% এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১১৮.৯% কাভারেজ অর্জিত হয়েছে।  

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা অভিভাবকদের তাদের সন্তানদের দ্রুত সময়ের মধ্যে হাম-রুবেলা প্রতিষেধক টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন এবং যেকোনো ধরনের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ