ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-১০-২০২৬ ০৩:০৩:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৬ ০৩:০৩:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার উরফে কাইল্যা শাওনকে সহযোগীসহ আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মাহমুদ (৪৬) নামে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) ও তার সহযোগী সাগর (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক হানিফ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ খরতৈল এলাকায় ছিনতাই বিরোধী অভিযানে যায়। এ সময় ছিনতাইকারি শাওন ও তার সহযোগী সাগরকে হাতেনাতে আটক করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তারা। একপর্যায়ে শাওনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েও শাওনকে আটক করেন হানিফ মাহমুদ। পরে সঙ্গীয় পুলিশের সহযোগিতায় শাওন ও সাগরকে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের সহযোগিতায় হানিফ মাহমুদকে একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স