শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটির ঘোষণা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-১০-২০২৬ ১২:৫৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১০-২০২৬ ১২:৫৯:৩৬ অপরাহ্ন
ফাইল ছবি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে স্তরভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে।
ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আলাদা বিজ্ঞপ্তির কারণে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে এই পার্থক্য দেখা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে।
দুর্গাপূজায় বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি মিলে বন্ধ থাকবে ৯ দিন।
এদিকে, এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি। তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে।
তবে ছুটি শুরুর আগে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি, ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।
মাদরাসায় পূজার ছুটি রয়েছে মাত্র তিন দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন ছুটি থাকবে। তবে এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি।
তাই পাঁচ দিনের ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে। সে ক্ষেত্রে সঠিক ও নিশ্চিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড বা দাপ্তরিক বিজ্ঞপ্তি দেখতে হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স