ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৩৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৩৯:৩৭ অপরাহ্ন
প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ ফাইল ছবি
প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়।

গত ২৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে কর্মকর্তাদের নামের বিপরীতে নির্ধারিত উপজেলা ও থানার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার উপজেলা ও থানা অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্মকর্তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত এলাকায় সরেজমিন পরিদর্শন সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাসুদ হোসেন ৫ অক্টোবর অফিস আদেশে স্বাক্ষর করেন।

অফিস আদেশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। এ ছাড়া অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট উপজেলা ও থানার তালিকা করা হয়েছে। তালিকায় জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলার উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত এলাকায় পরিদর্শনে যাওয়ার আগে কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের পরিচালকের পূর্বানুমতি নিতে হবে। পরিচালকরা তাদের আওতাধীন কর্মকর্তাদের পর্যায়ক্রমে মাঠপর্যায়ে পরিদর্শনের জন্য কর্মস্থল ত্যাগের অনুমতি দেবেন।

আদেশ অনুযায়ী, উপবৃত্তি বিভাগের কর্মকর্তারা নির্ধারিত ট্যুর ব্যবস্থার মাধ্যমে তাদের নামের পাশে উল্লেখ করা উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট এলাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। এসব বিদ্যালয়ের একটি শহর ও দুটি গ্রামীণ এলাকা থেকে বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত এলাকায় সরেজমিনে দুই দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে হবে।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত উপজেলা বা থানার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। এ ক্ষেত্রে একটি শহর ও একটি গ্রামীণ বিদ্যালয় বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে নির্বাচন করতে বলা হয়েছে। নির্বাচিত বিদ্যালয়ে সরেজমিনে এক দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে হবে।

পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে পরিদর্শন সম্পন্ন হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। প্রতিবেদন দাখিলের প্রমাণ কপিও টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বেতন খাত থেকে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী টিএ/ডিএ প্রাপ্য হবেন। আর অধিদপ্তরে সংযুক্তিতে কর্মরত কর্মকর্তাদের টিএ/ডিএ বিল মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তাদের মাঠপর্যায়ের পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ