মজুত ছাড়বে জি-৭
মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি বাড়ায় স্থিতিশীল তেলের দাম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-১০-২০২৬ ০৪:০৩:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৬ ০৪:০৩:২১ অপরাহ্ন
ফাইল ছবি
মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি বাড়া এবং জি-৭ ভুক্ত দেশগুলো সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দেয়ার পর সোমবার অস্থির লেনদেনে বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বাজারে বিক্রির চাপ সীমিত ছিল।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ সেন্ট বেড়ে ১০২ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯০ দশমিক ৬২ ডলারে নেমে আসে। দিনের শুরুতে অবশ্য উভয় ধরনের তেলের দামই ১ শতাংশের বেশি কমেছিল। খবর রয়টার্স।
গত সপ্তাহে ব্রেন্টের দামের বেশির ভাগ বৃদ্ধিই কমে যায়। আর ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ১ দশমিক ৬ শতাংশ। শুক্রবার জি-৭ ভুক্ত দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে জ্বালানি রপ্তানিতে নতুন কোনো বিধিনিষেধ না দেয়ার প্রতিশ্রুতি দেয় তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর জি-৭ এই সিদ্ধান্ত নেয়।
জরুরি মজুত থেকে তেল ছাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকেও অপরিশোধিত তেল রপ্তানি বাড়ছে। সোমবার প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের সাত দিনের মধ্যে চার দিন মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বেশি ছিল। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলা হলেও রপ্তানি বেড়েছে।
সরবরাহ পরিস্থিতি এখনও সংকটপূর্ণ :
সোমবার আইসিই গ্যাসঅয়েল ফিউচারের দাম ৪ শতাংশের বেশি বেড়ে প্রতি মেট্রিক টন ১ হাজার ৪০৯ ডলারে দাঁড়ায়।
পিভিএম অয়েলের সহযোগী বিশ্লেষক তামাস ভার্গা বলেন, হিটিং অয়েল ও গ্যাসঅয়েলের দামে এই ঊর্ধ্বগতি লক্ষণীয়। এর সম্ভাব্য কারণ হতে পারে চীনের পরিশোধিত জ্বালানি রপ্তানি স্থগিত করা। এর ফলে পূর্ব এশিয়ায় পরিশোধিত জ্বালানির সরবরাহ পরিস্থিতি আরও সংকুচিত হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় জ্বালানি অবকাঠামো ও জাহাজে হামলা অব্যাহত থাকবে। ফলে ভূরাজনৈতিক ঝুঁকির কারণে তেলের দামে বাড়তি প্রিমিয়ামও উচ্চ পর্যায়ে থাকবে।
সোমবার লন্ডনে অনুষ্ঠিত এনার্জি ইন্টেলিজেন্স সম্মেলনে সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির সরবরাহ সংকুচিতই থাকবে বলে তিনি মনে করছেন। জরুরি মজুত থেকে তেল ছাড়ার পর বৈশ্বিক মজুত পুনরায় পূরণ করতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও তিনি জানান।
তবে জি–৭-এর নতুন সিদ্ধান্তের আওতায় কতটা তেল মার্চ মাসের চুক্তির অবশিষ্ট মজুত থেকে আসবে, তা স্পষ্ট নয়। ওই সময় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল গত সপ্তাহে জানিয়েছিলেন, ওই ৪০ কোটি ব্যারেলের চুক্তির প্রায় দুই-তৃতীয়াংশ ইতোমধ্যে সদস্যদেশগুলো বাজারে ছেড়েছে।
সৌদি আরব ও হুতিদের সংঘাত :
হুতিরা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর গত ১২ ঘণ্টায় ইয়েমেনে ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং খুরাইস এলাকায় সৌদি আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এসব হামলার কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সোমবার ইয়েমেনের সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির দিকে তাকিয়ে থাকা ধুবাব এলাকায় হুতিদের অবস্থানে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দুটি সামরিক সূত্র। এর এক দিন আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনর্দখলে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেয়।
এদিকে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে তেল উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিভিন্ন প্রকল্প ব্যাহত হওয়ায় ওপেক প্লাস ২০২৭ সালের সদস্যদেশগুলোর তেল উৎপাদন কোটা নির্ধারণের জন্য প্রয়োজনীয় পর্যালোচনা পিছিয়ে দিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, এর ফলে ভবিষ্যতে কতটা তেল উৎপাদন করা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে সৌদি আরামকো এশিয়ার বাজারের জন্য নভেম্বর মাসের অপরিশোধিত তেলের দাম অপ্রত্যাশিতভাবে কমিয়ে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে।
পরিশোধিত জ্বালানির সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কার মধ্যে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি রয়টার্সকে এ কথা বলেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স