ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরেও তেল উৎপাদন লক্ষ্য অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৩:৪১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৩:৪১:৫১ অপরাহ্ন
নভেম্বরেও তেল উৎপাদন লক্ষ্য অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস ফাইল ছবি
নভেম্বর মাসে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওপেক প্লাস। আজকের (রবিবার) বৈঠকের আগে বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত তিনটি সূত্র জানিয়েছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে তেল রপ্তানিতে এখনো সমস্যা রয়েছে। এর প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলের ওপেক প্লাসভুক্ত দেশগুলোর উৎপাদনে। এসব দেশ নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম তেল উৎপাদন করছে। সাম্প্রতিক মাসগুলোতে তাদের তেল রপ্তানি স্বাভাবিক সময়ের তুলনায় ৬০ থেকে ৮০ শতাংশের মধ্যে ছিল।

যুদ্ধের কারণে ওপেক প্লাসের সদস্য দেশগুলোর তেল উৎপাদন সক্ষমতা যাচাইয়ের কাজও পিছিয়ে গেছে। এই পর্যালোচনার ভিত্তিতে ২০২৭ সালে কোন দেশ কতটা তেল উৎপাদন করতে পারবে, তা ঠিক করার কথা। তবে যুদ্ধের কারণে ভবিষ্যতে সদস্য দেশগুলোর প্রকৃত উৎপাদন সক্ষমতা কতটা থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়াসহ তাদের মিত্রদের নিয়ে গঠিত ওপেক প্লাস নভেম্বরের উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

বহু বছর উৎপাদন কমিয়ে রাখার পর ২০২৬ সালের বেশির ভাগ সময় ওপেক প্লাস উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাড়তি লক্ষ্যমাত্রার বেশির ভাগই বাস্তবে উৎপাদন করা সম্ভব হয়নি।

ওপেকের তথ্য অনুযায়ী, জোটের সাতটি প্রধান সদস্য আগস্টে প্রতিদিন ২ কোটি ৫০ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। জুলাইয়ের তুলনায় আগস্টে উৎপাদন বেড়েছে প্রতিদিন ৬ লাখ ৩০ হাজার ব্যারেল। তবে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগের উৎপাদনের তুলনায় আগস্টে উৎপাদন এখনো প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল কম ছিল।
 
ওপেক প্লাসের বেশির ভাগ সদস্যের জন্য প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে রাখার সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। উৎপাদন বাড়ানো হলে তা সদস্য দেশগুলোর মধ্যে কীভাবে ভাগ করা হবে, তা ঠিক করতে উৎপাদন সক্ষমতার পর্যালোচনা প্রয়োজন।

সূত্রগুলো বলেছে, ২০২৭ সালের আগে উৎপাদনে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আজ ওপেক প্লাসের সাতটি প্রধান সদস্য দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। দেশগুলো হলো—সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান ও ওমান।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ