রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১০-২০২৬ ০২:৪৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১০-২০২৬ ০২:৪৫:১৮ অপরাহ্ন
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পাওয়ার পর ঢাকার আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে শুনানির সময় হাবিবুল আউয়ালকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, হাবিবুল আউয়ালের পক্ষে আইনজীবী তাপস চন্দ্র দাস গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
হাবিবুল আউয়ালের আইনজীবী তাপস চন্দ্র দাস বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আগে একটি মামলা ছিল এবং ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিননামা জমা দেওয়ার পর তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত আজ এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।
এর আগে গত বছরের ২৫ জুন মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ২৯ জুন তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৯ সেপ্টেম্বর তিনি ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান এবং কারামুক্তির অপেক্ষায় ছিলেন।
গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান রুবেল হত্যা মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে এ আবেদনের শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করেন।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের শেষ দিন ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে রুবেলসহ কয়েকশ’ ছাত্র-জনতা ঢাকার আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেল হত্যার ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স