ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি দামে গ্যাস বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১১:১৮:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১১:১৮:৩২ পূর্বাহ্ন
সরকারি দামে গ্যাস বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান ছবি : সংগৃহীত
অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে ঢাকাসহ দেশের ১৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা তদারকিতে ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) একযোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ২৩টি দল ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে। বাজারে গ্যাস সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি ঠেকাতে এ কার্যক্রম চালানো হয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের সময় বিক্রয়কেন্দ্রে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে দেওয়া হচ্ছে কি না এবং সিলিন্ডারের নিরাপত্তাবিধি মানা হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, সেটিও যাচাই করেন কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলেছে, ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির পাশাপাশি দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা রাখার বিষয়েও তাঁদের সতর্ক করা হয়েছে।

ভোক্তাদেরও গ্যাস সিলিন্ডার কেনার সময় কয়েকটি বিষয় যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। এর মধ্যে সিলিন্ডারের ওজন, সিল, মেয়াদ এবং দৃশ্যমান কোনো ত্রুটি আছে কি না, তা দেখে নেওয়ার কথা বলা হয়েছে। পণ্য কেনার পর মূল্যতালিকা মিলিয়ে দেখে রশিদ বা ভাউচার সংগ্রহ করার জন্যও ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় বা অন্য কোনো ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের অভিযোগ থাকলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ যোগাযোগ করতে পারবেন ভোক্তারা।

বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায্যমূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ