যন্তর মন্তরে থমথমে অবস্থা, ১১ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-১০-২০২৬ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৬ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর অন্তত ১১টি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান বন্ধ করে দেওয়া হয়েছে এবং চার হাজারেরও বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সংবাদমাধ্যম 'দ্য ওয়্যার'-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) ও ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের পক্ষ থেকে সিইসির পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তবে দিল্লি পুলিশ বিক্ষোভের কোনো আনুষ্ঠানিক অনুমতি দেয়নি। বড় ধরনের সমাবেশের আশঙ্কায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২০টি কোম্পানিসহ র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) দফায় দফায় সিদ্ধান্তের মাধ্যমে মোট ১১টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ ঘোষণা করে। বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, মাণ্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ, নিউ দিল্লি, সেবা তীর্থ ও বরখাম্বা রোড অন্যতম। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের জন্য ইন্টারচেঞ্জ বা আন্তঃলাইন পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ও নির্বাচন পরিচালনায় ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে যন্তর মন্তরের আশপাশের সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে পথ চলাচল পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স