মিরপুরে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১০-২০২৬ ০১:৩২:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৬ ০১:৩২:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকার মিরপুর পাইকপাড়া এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে পাইকপাড়া আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে বলে ওই আবাসনের ফেইসবুক পোস্টে বলা হয়েছে।
সেখানে বলা হয়, কলোনির ভবন নম্বর ১-এর বাম পাশের লিফট ছিঁড়ে পড়ে গেছে। এটি দোতলা বা চতুর্থ তলা থেকে ছিঁড়ে পড়ে থাকতে পারে। এতে তিনজন আহত হয়েছেন, তাঁরা সবাই পঞ্চম তলার বাসিন্দা।
আহতদের মধ্যে ৫ এ-এর একজন পুরুষ, ৫বি-এর একজন পুরুষ এবং একজন ছেলে শিশু রয়েছেন বলে পোস্টে বলা হয়।
ঘটনার পর আহতদের উদ্ধার করে আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার কতা জানানো হয়েছে।
আহতরা হলেন—মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে ওয়াসী (৮)। তাদের মধ্যে নাইস আহমদের দুটি পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তবে ঘটনার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি মিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
মিরপুর মডেল থানার এসআই জাকির বলেছেন, সেখানকার বাসিন্দারা এমনো ঘটনার কথা পুলিশকে জানায়নি।
আবাসন প্রকল্পটির বাসিন্দা সজল বলেন, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার তিন বাসিন্দা লিফটে উঠছিলেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে পড়ে, শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতরে চিৎকার শুনতে পান।
পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
লিফটি দীর্ঘদিন ধরেই ত্রুটিযুক্ত বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। তারা বলছেন, কিছুদিন পর পর সামান্য মেরামত করে চালানো হচ্ছিল লিফটি।
এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দা সমির চন্দ্র শীলের।
বাসিন্দাদের ভাষ্য, ওই আবাসন প্রকল্পে মোট আটটি ভবন রয়েছে, যেখানকার অধিকাংশ ভবনের লিফটের অবস্থাই ভালো নয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স