অস্বাভাবিক বিদ্যুৎ বিল, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিনেত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩০-০৯-২০২৬ ০৭:০২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৬ ০৭:০২:৫৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের লোনাভালার বাড়িতে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠানো এবং নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানিশা অভিযোগ করেন, লোনাভালায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গ্রাহকদের ওপর অতিরিক্ত বিল চাপিয়ে দিচ্ছে এবং সংযোগ বিচ্ছিন্ন করে অর্থ পরিশোধে বাধ্য করছে। তানিশা বলেন, ‘লোনাভালায় মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড মাফিয়ার মতো আচরণ করছে। বিপুল অঙ্কের বিল পাঠাচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টাকা দিতে বাধ্য করছে। এটা অপরাধ। এমনকি, বিল জমা দেওয়ার শেষ তারিখ পার হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আসছে।’
অভিনেত্রীর দাবি, তাদের পুরোনো বাড়িতেও বড় অঙ্কের বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে। এরপর কোনো ধরনের নোটিশ না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পোস্টে ট্যাগ করেন। তানিশা লেখেন, ‘দয়া করে লোনাভালায় আসুন। এখানে কোনো আইনকানুন নেই, সবাই নিজের ইচ্ছেমতো চলছে।’
তানিশার অভিযোগের কেন্দ্রে থাকা লোনাভালার বাড়িটি তার পরিবারের কাছে বিশেষ স্মৃতিবহ। এটি তার দিদিমা প্রয়াত অভিনেত্রী শোভনা সমর্থের বাড়ি। তার মা তনুজা এবং তানিশার শৈশবেরও অনেকটা সময় কেটেছে এই বাড়িতে। কিছুদিন আগে বাড়িটির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন তানিশা। তখন তিনি লিখেছিলেন, ‘আমার দিদিমা শোভনা সমর্থের বাড়ি। এই বাড়ির প্রতিটি দেওয়াল, কোণে একটি করে গল্প রয়েছে।’ দিদিমার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা বাড়িটির পুরোনো কাঠামো ধরে রাখার চেষ্টার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। আধুনিক রূপ না দিয়ে বাড়িটিকে তার আদি রূপেই সংরক্ষণ করতে চান তিনি।
২০০৩ সালে ‘শহশশ...’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তানিশার। এরপর ‘সরকার’ ও ‘সরকার রাজ’-এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। পরে ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এ অংশ নিয়ে প্রথম রানার-আপ হন তানিশা। অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও তিনি যোগাযোগ ও গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স