ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ন্যায়বিচার প্রাপ্তির সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৫:৪০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৫:৪০:২৯ অপরাহ্ন
​ন্যায়বিচার প্রাপ্তির সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের ​ছবি: সংগৃহীত
শুধুমাত্র নেতিবাচক সংবাদ প্রচার নয়, বরং দ্রুত মামলা নিষ্পত্তি ও মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সংবাদ তুলে ধরার ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্টে যারা সাংবাদিকতা করেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই অঙ্গনে যদি কোন অনিয়ম, অসদাচরণ-দুর্নীতি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরবেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দায়িত্ব গ্রহণের পরে আদালত কেন্দ্রিক বেশ কয়েকটি বিষয়ে আপনারা (সাংবাদিকরা) দায়িত্বশীলতার সঙ্গে কিছু নিউজ করেছেন তার সুফল আমরা পেয়েছি।

দুষ্ট চক্র বা দুই একজন দুষ্ট ব্যক্তির কারণে আমরা সামগ্রিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হই সে দিকে খেয়াল রেখে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অতি সম্প্রতি প্রধান বিচারপতির কর্মতৎপরতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। সেগুলো আপনারা জাতির সামনে গুরুত্বের সঙ্গে তা তুলে ধরেছেন।

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট রেজিষ্ট্রির কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুরুতে একটি আনন্দ র‌্যালি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রদক্ষিণ করে ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে কেক কাটা হয়।  সূত্র: বাসস

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ