ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়ার রাজকীয় অবতারে মুগ্ধ ভক্তরা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৪৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৪৮:৩১ অপরাহ্ন
ঐশ্বরিয়ার রাজকীয় অবতারে মুগ্ধ ভক্তরা ছবি : সংগৃহীত
প্যারিসের র‍্যাম্পে পা রাখতেই যেন বদলে গেল পুরো আবহ! মখমলের গাউন, তার ওপর ক্রিস্টালে মোড়া ঝলমলে কেপ, আর চুলে আগুন রাঙা বারগান্ডি আভা। সব মিলিয়ে যেন আধুনিক সময়ের এক রানি। প্যারিস ফ্যাশন উইকে এমনই রাজকীয় সাজে হাজির হয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার নতুন লুক দেখে মুগ্ধ ভক্তরা।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ২৮ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হয় লরিয়েল প্যারিসের ‘লে ডেফিলে’ ফ্যাশন শো। আইফেল টাওয়ারের আবহে প্লেস জফ্রে-তে র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া। পুরোনো দিনের রাজকীয় আভিজাত্য আর আধুনিক কুতুর ফ্যাশনের মেলবন্ধন ছিল তার সাজে। 

এদিন ডিজাইনার ইয়ারা শুমেকারের ফল/উইন্টার ২০২৬-২৭ কুতুর কালেকশনের বিশেষ পোশাক বেছে নেন অভিনেত্রী। গাঢ় রঙের মখমলের দুই অংশের গাউনটির নকশায় ছিল ভিন্নধর্মী কারুকাজ। পোশাকের ত্রিমাত্রিক ঝালরের কাজ পুরো সাজে যোগ করে বাড়তি মাত্রা। তবে নজর কেড়েছে গাউনের ওপর জড়ানো দীর্ঘ কেপটি। অসংখ্য ক্রিস্টালে সাজানো কেপটি র‍্যাম্পে হাঁটার সময় আলোর ঝলকানিতে ঝিকমিক করছিল। গাঢ় মখমলের সঙ্গে ক্রিস্টালের এই মেলবন্ধন ঐশ্বরিয়ার সাজে এনেছে রাজকীয় আভিজাত্য।

পোশাকের পাশাপাশি আলোচনায় এসেছে ঐশ্বরিয়ার নতুন চুলের রং। চেনা কালো চুলের বদলে এবার বারগান্ডি-লাল রঙে দেখা গেল তাকে। গাঢ় রঙের গাউনের সঙ্গে চুলের উজ্জ্বল আভা তৈরি করেছে দারুণ বৈপরীত্য।

মেকআপেও ছিল পরিমিত গ্ল্যামারের ছোঁয়া। পোশাকের নকশা, ঝলমলে কেপ ও নতুন চুলের রংকেই রাখা হয়েছিল মূল আকর্ষণ। ঐশ্বরিয়ার এই লুকের স্টাইলিং করেছেন মোহিত রাই, তরঙ্গ আগরওয়াল ও চিন্তন শাহ।

এবারের লরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ আয়োজনে ঐশ্বরিয়ার সঙ্গে র‍্যাম্পে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা ও সেলিন ডিওনের মতো আন্তর্জাতিক তারকারা। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ঐশ্বরিয়া ও সেলিন ডিওনের পুনর্মিলন।

দুজনকে আলিঙ্গন করতে, হাত ধরে থাকতে, এমনকি মঞ্চে একসঙ্গে নাচতেও দেখা যায়। অন্যদিকে, শোয়ের প্রস্তুতির সময় ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও উষ্ণ আলিঙ্গনে ধরা দেন ঐশ্বরিয়া। এবারের আয়োজনের মূল ভাবনা ছিল ‘ওয়াক ইওর ওর্থ’। আত্মবিশ্বাস, বৈচিত্র্য ও নারীদের পারস্পরিক সংহতির বার্তা তুলে ধরা হয় এই আয়োজনে।

র‍্যাম্পের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ভক্তদের প্রশংসা। কেউ লিখেছেন, ‘রানির মতোই তিনি’, আবার কারও মন্তব্য, ‘একবার রানি, চিরকাল রানি।’ বিশেষ করে ঐশ্বরিয়ার বারগান্ডি চুল ও রাজকীয় কুতুর পোশাক নজর কেড়েছে অনুরাগীদের। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ