ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রয়কেন্দ্রে তালা, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যা বলল ইউপিএল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০২:২৩:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৩:১০:০৬ অপরাহ্ন
বিক্রয়কেন্দ্রে তালা, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যা বলল ইউপিএল ফাইল ছবি
প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিকে কেন্দ্র করে সোমবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। পরে এক বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে ইউপিএল।

বিবৃতিতে ইউপিএল জানায়, কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্টদের জানাতে হয়। ‘অসমাপ্ত আত্মজীবনী’র ক্ষেত্রে এমন কোনো প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে তাদের জানা নেই।

প্রকাশনা সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন ব্যক্তি বাংলাবাজারের শোরুমে গিয়ে আক্রমণাত্মক আচরণ করেন। তাঁরা বইটিকে নিষিদ্ধ দাবি করে এর বিক্রি বন্ধের কথা বলেন। একপর্যায়ে শোরুমের শাটার বন্ধ করে ইউপিএলের দুই বিক্রয়কর্মীকে হয়রানি করা হয়। পরে তাঁদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং কিছু সময় পর ছেড়ে দেওয়া হয়।

ইউপিএল জানিয়েছে, ওই ব্যক্তিদের বলা হয়েছিল ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ বই নয়। সরকার বা আদালতের পক্ষ থেকে আইন অনুযায়ী বইটি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত এলে প্রতিষ্ঠানটি সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিবৃতিতে ইউপিএল আরও বলেছে, বিভিন্ন সরকারের সময়ে বই প্রকাশ নিয়ে তাদের নানা ধরনের চাপের মুখে পড়তে হয়েছে। সরকার, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে প্রকাশিত বই নিয়ে আপত্তি জানিয়েছে। আগের সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে ইউপিএলের একটি বইয়ের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

কিছু পাণ্ডুলিপি প্রকাশে প্রতিষ্ঠানটি সম্মত না হওয়ায় সরকারি হয়রানির শিকার হওয়ার কথাও জানিয়েছে ইউপিএল। এ ছাড়া বিভিন্ন সময়ে ক্ষমতাবান ব্যক্তিরা কিছু বই প্রকাশ না করার জন্য চাপ দিয়েছেন। মওদুদ আহমদের বই নিয়েও একাধিকবার চাপের মুখে পড়ার কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

ইউপিএল বলেছে, প্রকাশক হিসেবে তারা এসব চাপ যতটা সম্ভব উপেক্ষা করেছে। এতে বিভিন্ন সময়ে বাণিজ্যিক ক্ষতি হলেও প্রকাশনার মৌলিক নীতি থেকে সরে আসেনি। প্রতিটি বই প্রকাশের আগে স্বাধীন রিভিউয়ারদের মাধ্যমে পাণ্ডুলিপি যাচাই করা হয় এবং তাঁদের মূল্যায়নের ভিত্তিতেই বই প্রকাশ করা হয়।

প্রকাশনা সংস্থাটি জানিয়েছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ এখনো তাদের পেজে নিয়মিত প্রচার করা হচ্ছে। একই সঙ্গে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের জামায়াতে ইসলামীর ইতিহাসবিষয়ক একটি বই প্রকাশের বিষয়ও বিবৃতিতে তুলে ধরেছে ইউপিএল। বিশেষজ্ঞ রিভিউয়ারদের মতামতের ভিত্তিতেই বইটি প্রকাশ করা হয়েছে বলে জানায় তারা।

ইউপিএলের মতে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি বই। যথাযথ আইনি প্রক্রিয়ায় দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ বইটি নিষিদ্ধ করলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে আইনসম্মতভাবে প্রকাশিত এবং ফৌজদারি অপরাধে উসকানি নেই এমন কোনো বইয়ের প্রকাশনা ও বিপণনে হস্তক্ষেপ করা জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশের জন্য ক্ষতিকর বলে মনে করে প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে ইউপিএল আরও বলেছে, আগের সরকারের আমলে আদর্শ প্রকাশনীর তিনটি বই আইন অনুযায়ী নিষিদ্ধ না করেই বইমেলায় তাদের স্টল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধেও তারা প্রতিবাদ করেছিল। সেই অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে।

রাষ্ট্র ও সমাজের বিকাশের স্বার্থে মুক্তচিন্তা ও বিদ্যায়তনিক স্বাধীনতার পরিসরে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে ইউপিএল। পাশাপাশি প্রকাশনাশিল্পে অবৈধ চাপ ও হুমকি বন্ধে রাষ্ট্র ও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ