সালমান শাহ হত্যা মামলা: ফের পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৯-২০২৬ ০১:৫০:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৬ ০১:৫২:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ৫ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহর পক্ষের আইনজীবী আবিদ হাসান।
মামলাটিতে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে।
সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নতুন করে খতিয়ে দেখতে তার মরদেহ কবর থেকে উত্তোলনের উদ্যোগও নিয়েছে তদন্ত সংস্থা। গত ২০ মে সিআইডির তদন্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। পরে ২৪ মে আদালত মরদেহ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি দেন। বাদীপক্ষ অবশ্য ওই আদেশ বাতিলের আবেদন করেছিল। পরে বিষয়টি আদালতের নথিতে রাখা হয়।
এরপর গত ২২ জুন সালমান শাহর মৃত্যুর কারণ নির্ধারণে কবর থেকে তার দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা অফিস আদেশ জারি করেন। সেই আদেশের অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা নথিভুক্ত করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। তার মৃত্যুর ঘটনায় ওই সময় অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরবর্তী সময়ে ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। একই সঙ্গে সিআইডির মাধ্যমে মৃত্যুর বিষয়টি তদন্তের দাবি জানানো হয়।
এরপর সিআইডি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করেন। তবে সিআইডির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে সালমান শাহর বাবা রিভিশন মামলা করেন।
পরবর্তী দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স