ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেয়ার প্রস্তাব অস্বীকার ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১১:০৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১১:০৪:৫৮ পূর্বাহ্ন
ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেয়ার প্রস্তাব অস্বীকার ট্রাম্পের ফাইল ছবি
ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং দেশটির জব্দ করা অর্থ ছাড়ার প্রস্তাব দেয়ার খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমে এমন দাবি আসার পর ট্রাম্প বলেছেন, তিনি ইরানকে কোনো প্রস্তাবই দেননি। অবশ্য এর মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর চেষ্টা করছেন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার মধ্যে ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং জব্দ করা অর্থ ছাড়ার বিষয়ে ট্রাম্প প্রস্তাব দিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও সিএনএন সোমবার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছে। এমনকি এর বিনিময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট অগ্রগতির বিষয়েও তিনি রাজি হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এমন খবর নাকচ করেছেন ট্রাম্প।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘অ্যাক্সিওস মাত্র একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ‘ট্রাম্প’ ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং জব্দ করা অর্থ (ইরানকে দিয়ে) দেয়ার প্রস্তাব দিয়েছেন। এটি সত্য নয়। আমি তাদের কিছুই প্রস্তাব করিনি!’

এর আগে গত শনিবার ইরানের সঙ্গে উত্তেজনা কমানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার লক্ষ্যে তেহরানের একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। সাত মাস ধরে চলা ইরান যুদ্ধের মধ্যে তিনি তেহরানের শর্তগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

এরপর রোববার ট্রাম্প বলেন, চলতি সপ্তাহে তেহরানের সঙ্গে আরও আলোচনা হতে পারে বলে তিনি আশা করছেন। এর আগে আলোচনার সময় ইরানের কর্মকর্তারা নিজেদের অবস্থান নিয়ে ‘বাড়াবাড়ি করেছেন’ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা করাতে নতুন করে চেষ্টা শুরু করেছেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই উদ্যোগ কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি করেছে।

ট্রাম্প ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাড়ছে। একই সঙ্গে অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের অবস্থান আরও দুর্বল হচ্ছে। প্রতিদিনই যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ধৈর্য ধরে তার লক্ষ্য অর্জনে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। আর সেই লক্ষ্য হচ্ছে—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয়।’

ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের হয়ে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ