ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৫:৫০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৫:৫০:৫৩ অপরাহ্ন
​রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে ​ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার রাষ্ট্রদ্রোহ মামলায় একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানের আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন মর্মে জানা যায়। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এসময় আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। ওই দিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ