ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৬:২২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৬:২২:৫৩ অপরাহ্ন
​ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু ​ফাইল ছবি
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ছয়জনের মৃত্যু হয়েছে এবং সারাদেশে ২,১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে খুলনায় ২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৭ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়।  

এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২,১৫৮ জনের মধ্যে ঢাকা মহানগরীর বাইরে ঢাকা বিভাগে ৩৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১১ জন, বরিশাল বিভাগে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩,৬৯৪ জনে। এর মধ্যে পুরুষ আক্রান্তের হার ৬২.৪% এবং নারী ৩৭.৬%। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১৬ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা বেশি।  

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,৭৫৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর সর্বমোট ৬৮,০০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫,৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।  

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশারি ব্যবহার, বাসা-বাড়ির চারপাশে জমে থাকা পানি পরিষ্কার করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ