সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তি সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৯-২০২৬ ০৪:৪৩:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৯-২০২৬ ০৬:০১:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাস নিয়েও আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুরের প্রতিনিধি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি সহায়তার বিষয়ে দেশটির আগ্রহের কথা জানান।
মিচেল লি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে শিগগির বাংলাদেশে সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ সম্পন্ন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
এছাড়া, উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
বৈঠকে সিঙ্গাপুর মিশন প্রধানের উত্তরসূরি ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স