ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১১:৩৭:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১১:৩৭:০৭ পূর্বাহ্ন
৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড় ফাইল ছবি
সময়মতো আয়কর রিটার্ন জমা দিলে এবার করদাতাদের জন্য রয়েছে বিশেষ করছাড়ের সুযোগ। তবে এই সুবিধা পেতে হলে আগামী ৪ দিন; অর্থাৎ বুধবারের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে রিটার্নের সঙ্গে যে কর পরিশোধযোগ্য হবে, তার ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা; যেটি কম সেটি করছাড় হিসেবে পাওয়া যাবে। চলতি অর্থবছরের বাজেটে নতুন এই বিধান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে নিয়মটির কারণে সারা বছর নিয়ম মেনে অগ্রিম কর পরিশোধ করা করদাতাদের অনেকেই পুরো সুবিধা পাচ্ছেন না। বছরজুড়ে পরিশোধ করা অগ্রিম কর, পেরোল ট্যাক্স বা উৎসে কাটা কর বাদ দেয়ার পর রিটার্ন জমার সময় যে কর পরিশোধ করতে হবে, শুধু সেই টাকার ওপরই করছাড় হিসাব করা হচ্ছে।

ধরা যাক, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে আপনার করযোগ্য আয় হয়েছে ৭ লাখ টাকা। প্রথম ৪ লাখ টাকার ওপর কোনো কর নেই। বাকি ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে আপনার করের পরিমাণ দাঁড়াবে ৩০ হাজার টাকা।

আপনি যদি রিটার্ন জমা দেয়ার সময় এই ৩০ হাজার টাকা কর পরিশোধ করেন এবং ৩০ সেপ্টেম্বর বা বুধবারের মধ্যে রিটার্ন জমা দেন, তাহলে ৫ শতাংশ হারে করছাড় পাবেন। অর্থাৎ, ৩০ হাজার টাকার ৫ শতাংশ হিসেবে ছাড় হবে ১ হাজার ৫০০ টাকা। ফলে আপনাকে কর দিতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।

নতুন নিয়মে রিটার্ন জমা দেয়ার সময় পরিশোধযোগ্য করের ওপরই করছাড় দেয়া হচ্ছে। ফলে সারা বছর বিভিন্নভাবে আগে পরিশোধ করা করের ওপর এই সুবিধা পাওয়া যাবে না। যেমন, সঞ্চয়পত্রের মুনাফা পাওয়ার সময় যে অগ্রিম কর কেটে রাখা হয়েছে, ব্যাংকের এফডিআরের মুনাফা তোলার সময় যে উৎসে কর কাটা হয়েছে কিংবা বেতন-ভাতার ওপর প্রতি মাসে যে অগ্রিম কর পরিশোধ করা হয়েছে; এসব করের ওপর করছাড় প্রযোজ্য হবে না।

অর্থাৎ, সারা বছর অগ্রিম কর বা উৎসে কর হিসেবে পরিশোধ করা অর্থ রিটার্নের সময় মোট কর থেকে বাদ দেয়ার পর যে টাকা পরিশোধ করতে হবে, করছাড়ের হিসাব হবে শুধু সেই অর্থের ওপর। সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, এর ফলে সারা বছর নিয়ম মেনে অগ্রিম কর পরিশোধ করা করদাতাদের সঙ্গে একধরনের বৈষম্য তৈরি হচ্ছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন জমা পড়েছে। সেপ্টেম্বর মাসের রিটার্ন জমার হালনাগাদ হিসাব এখনো চূড়ান্ত করেনি এনবিআর। গত অর্থবছরে দেশে মোট ৪৯ লাখ ৫৫ হাজার রিটার্ন জমা হয়েছিল।

চলতি অর্থবছরে রিটার্ন জমার সময় অনুযায়ী করদাতাদের জন্য করছাড় ও অতিরিক্ত পরিশোধের নিয়মও নির্ধারণ করা হয়েছে।

জুলাই-সেপ্টেম্বর: পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা; যেটি কম সেই করছাড় পাওয়া যাবে।

অক্টোবর-ডিসেম্বর: কোনো করছাড় বা প্রণোদনা নেই। রিটার্নে যে পরিমাণ কর পরিশোধযোগ্য হবে, সেটিই দিতে হবে।

জানুয়ারি-মার্চ: পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা; যেটি বেশি সেই পরিমাণ অর্থ দিতে হবে।

এপ্রিল-জুন: পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা; যেটি বেশি সেই পরিমাণ অর্থ দিতে হবে।

এ ছাড়া, পাঁচ শ্রেণির করদাতা ছাড়া গতবারের মতো এবারও সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ