ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:৫১:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:৫১:০৮ পূর্বাহ্ন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ ছবি : সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশন চলাকালে নিউইয়র্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে অংশীদারিত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ। এছাড়া তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য ‘কপ-৩১’ (COP31) সম্মেলন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত, তা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে আয়োজিতব্য ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন’-এ অংশগ্রহণের জন্য তুরস্ককে আমন্ত্রণ জানান।

বৈঠকের শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ