ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরল তিন গণমাধ্যম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১২:২৭:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১২:২৭:১২ অপরাহ্ন
​ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরল তিন গণমাধ্যম ​ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে হোয়াইট হাউসে প্রবেশাধিকার হারানো সিএনএন, পলিটিকো ও এমএস নাউয়ের সাংবাদিকদের ফের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফেডারেল বিচারক তিমোথি কেলি তিন সংবাদমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে সম্ভাব্য অসাংবিধানিক হিসেবে উল্লেখ করে রায় দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের প্রবেশাধিকার পুনর্বহাল করা হয়। খবর বিবিসির।

এর আগে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জরুরি শুনানির আবেদন জানিয়েছিল তিন সংবাদমাধ্যম। আদালতে করা আবেদনে তাদের পক্ষ থেকে বলা হয়, বিচারকের নির্দেশ থাকা সত্ত্বেও হোয়াইট হাউস কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রবেশে বারবার বাধা দিচ্ছে। তবে প্রবেশাধিকার ফিরে পাওয়ার পর জরুরি শুনানির আবেদন প্রত্যাহার করে নেয় তারা।

সিএনএন, পলিটিকো ও এমএস নাউকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার প্রাথমিক কারণ হিসেবে ট্রাম্প তাদের সংবাদকে ‘ভুয়া খবর’ বলে আখ্যা দিয়েছিলেন। পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তার বিষয়টিও নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরা হয়।

তবে বিচারক কেলি প্রশাসনের জাতীয় নিরাপত্তার যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, নিষেধাজ্ঞা জারির সময় প্রেসিডেন্টের প্রাথমিক ঘোষণায় জাতীয় নিরাপত্তার কোনো বিষয় উল্লেখ করা হয়নি। তার পর্যবেক্ষণ অনুযায়ী, ওই সংবাদমাধ্যমগুলোর হার্ড প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে—এমন দাবির পক্ষে আদালতে পর্যাপ্ত নথি উপস্থাপন করা হয়নি।

রায়ে বিচারক তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার আদেশ দেন তিনি।

এরপর হোয়াইট হাউসের অপারেশনস পরিচালক আদালতকে জানান, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রেস পাস এবং জব্দ করা ব্যাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর সিএনএন, পলিটিকো ও এমএস নাউও জানায়, তাদের সাংবাদিকরা আবার হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পেয়েছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ