নতুন সিরিজে একসঙ্গে ফিরছেন ‘সিআইডি’র তিন তারকা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-০৯-২০২৬ ০৩:৪৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৯-২০২৬ ০৩:৪৬:১৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের ছোট পর্দার জনপ্রিয় ক্রাইম শো ‘সিআইডি’র অত্যন্ত পরিচিত তিন মুখ দয়ানন্দ শেঠি, শিবাজি সাতম ও আদিত্য শ্রীবাস্তব দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। ‘পাপনাশম’ নামের নতুন একটি ক্রাইমভিত্তিক ওয়েব সিরিজের মাধ্যমে এই তিন অভিনেতার পুনর্মিলন ঘটেছে। তবে দুই দশকেরও বেশি সময় ধরে ‘সিআইডি’তে গোয়েন্দা পুলিশের চরিত্রে রাজত্ব করা এই তারকাদের নতুন সিরিজে আইনপ্রয়োগকারী কর্মকর্তার পোশাকে দেখা যাবে না; বরং তাঁদের হাজির করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ কিছু চরিত্রে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও পোস্টের মাধ্যমে নতুন এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেন দয়ানন্দ শেঠি। পুরো অভিনয়শিল্পীদের উপস্থিতিতে ধারণ করা ওই ভিডিওতে শিবাজি সাতম ভক্তদের উদ্দেশে জানান যে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের ম্যাঙ্গালোর ও উদুপিতে তাঁদের নতুন এই প্রজেক্টের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
ভিডিওতে সিরিজের ধরন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছেন অভিনেতা আদিত্য শ্রীবাস্তব। তিনি উল্লেখ করেন, এটিও একটি অপরাধ ও তদন্তভিত্তিক গল্প হলেও এর উপস্থাপনভঙ্গি হবে সম্পূর্ণ ব্যতিক্রম এবং সেখানে তাঁদের তিনজনকেই সম্পূর্ণ ভিন্ন অবতারে আবিষ্কার করবেন দর্শকেরা। নির্মাতাদের পক্ষ থেকে গল্প ও চরিত্রের নির্দিষ্ট রূপরেখা এখনো গোপন রাখা হলেও তাঁদের চেনা তদন্তকারী কর্মকর্তার পরিচয় থেকে বেরিয়ে আসার বিষয়টি ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে।
দুই দশকেরও বেশি সময় ধরে প্রচারিত ‘সিআইডি’র কল্যাণে এসিপি প্রদ্যুমন, দয়া ও অভিজিতের মতো চরিত্রে এই তিন অভিনেতার রসায়ন দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল। ফলে দীর্ঘ বিরতির পর পরিচিত ঘরানায় কিন্তু একদম নতুন ও অপ্রচলিত চরিত্রে তাঁদের এক ফ্রেমে ফেরার খবর ভক্তদের মাঝে নতুন করে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স